চাকুরী মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলো ৪৭ প্রতিবন্ধী

১১ জানুয়ারি, ২০২০ ১৭:১১  
প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো পঞ্চম চাকুরী মেলা ২০২০। মেলায় প্রায় ৫০০ জন চাকুরী প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে শেষ খবর পর্যন্ত তাৎক্ষণিক ভাবে ৪৭ জনের নিয়োগ নিশ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে চূড়ান্ত প্রক্রিয়া শেষে এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন আয়োজকরা। এর আগের চারটি আয়োজনে কর্মসংস্থান হয়েছে ৪ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির। মেলায় বাক্য , বেসিস, বিকেএমইএ, এফবিসিসিআই এবং সিকোয়াব সদস্য প্রতিষ্ঠান ছাড়াও, আইসিটি শিল্পের কিছু চাকুরীদাতা প্রতিষ্ঠান এবং এনজিও সহ মোট ৩৭ টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার টুলস প্রদর্শন করা হয়। আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরোর সহযোগিতায় শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে মেলা চলে বিকেল ৫টা পর্যন্ত।
সকালে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি বলেন, দেশে বিশেষ শারীরিক সক্ষমতাসম্পন্ন মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নযাত্রায় তাদেরকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে কোনো প্রতিবন্ধী ব্যক্তিই আর  বৈষম্যের শিকার হবেন না।
কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপচিালক কে এম আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে দেশজুড়ে প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু করে আইসিটি বিভাগ।